পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ.—এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. একজন খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন। দারস-তাদরীসের পাশাপাশি তিনি ইসলাম ও দেশের মানুষের জন্য নানা অবদান রেখে গেছেন। আজ তাঁর মৃত্যুতে আমরা একজন মহৎপ্রাণ আলেম ও নেতা হারালাম।
বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। তিনি একজন হক্কানী, তাকওয়াবান ও পরহেযগার আলেম ছিলেন। তাঁকে হারিয়ে দেশের কওমী অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং তাঁকে ক্ষমা করে দিয়ে চূড়ান্ত কল্যাণের ফায়সালা করুন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা মরহুমের সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।
প্রসঙ্গত, শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া রাজধানীর গুলশান ইউনাইটেড হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া রহ.—এর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে অসংখ্য ছাত্র ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিভিন্ন সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ জুন) মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।


