হিন্দুদের বিতাড়ন ও মুসলিমদের সাহায্য করতেই এনআরসি : শিলাদিত্য

হিন্দুদের বিতাড়ন ও মুসলিমদের সাহায্য করতেই এনআরসি : শিলাদিত্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসামের জাতীয় নাগরিক পঞ্জিকে (এনআরসি) ‘হিন্দুদের বিতাড়িত করে মুসলিমদের সাহায্য করার অংশ’ বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক।

এনআরসির চূড়ান্ত তালিকা শনিবার (৩১ আগস্ট) প্রকাশের পর এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব এই অভিযোগ করেন।

শিলাদিত্য দেব বলেন, অধিকার সুরক্ষার জন্য, নির্ভুল এনআরসি চেয়েছিল মানুষ। তবে সেটা হয়নি। মনে হচ্ছে এটা হিন্দুদের বিতাড়িত করা এবং মুসলিম অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার একটা ষড়যন্ত্র।

তিনি মনে করেন, এনআরসি সফটওয়্যার পরীক্ষা করা প্রয়োজন। কারণ সেটি একটি বেসরকারি সংস্থা করেছে এবং তাতে সরকার যুক্ত ছিল না। তিনি বলেন, এখন নাগরিকত্ব বিলের মাধ্যমে হিন্দুদের সুরক্ষিত করবে বিজেপি। আমরা খুব দ্রুতই এটা আনব।

একাধিক টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন আসামের বিজেপির অন্যতম শীর্ষ নেতা এবং রাজ্যের স্বাস্থ্য ও অর্থ বিষয়ক মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লিখেছেন, ১৯৭১ এর আগে যারা শরণার্থী হিসেবে বাংলাদেশ থেকে এসেছিলেন, সেরকম অনেক নাগরিকেরই নাম বাদ পড়েছে। কারণ, শরণার্থী শংসাপত্র গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

তিনি বলেন, এনআরসি এর ওপর তার কোনও বিশ্বাস নেই। তিনি মনে করেন না যে, এর ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের সরানো যাবে।

শনিবার সকালে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জি তালিকা। তাতে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এবার তাদের লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে, বহু দশক ধরেই আসামে বাস করছেন তারা। সরকারের তরফে জানানো হয়েছে, তাদের বিদেশি বলে এখনই চিহ্নিত করা হবে না। ফরেনার্স ট্রাইবুনাল এবং আদালতে লড়তে পারবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *