হুতিদের হামলায় ইয়েমেন উপকূলে ডুবল যুক্তরাজ্যের সেই জাহাজ

হুতিদের হামলায় ইয়েমেন উপকূলে ডুবল যুক্তরাজ্যের সেই জাহাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ রুবিমার দক্ষিণ লোহিত সাগরে তলিয়ে গেছে। গত মাসে হুতিদের হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ তথ্য জানায়। খবর আল-জাজিরা, রয়টার্সের

গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণ সাগরে ইসরায়েল এবং পশ্চিমাদের মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা শুরুর পর লোহিত সাগরে জাহাজডুবির প্রথম ঘটনা এটি। গোষ্ঠীটি বলেছে, তারা গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এই হামলা করছে।

ইয়েমেন সরকারের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে এমভি রুবিমার জাহাজটি ডুবে গেছে। এ ঘটনায় পরিবেশগত বিপর্যয়ের কথা বলা হয়।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হামলার সময় জাহাজটিতে ৪১ হাজার টনের বেশি সার ছিল।

সোমবার ইয়েমেনের সরকারের একটি প্রতিনিধি দল বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের মালিকানাধীন মালবাহী জাহাজ রুবিমার পরিদর্শন করেছে। পরে তারা জানায়, জাহাজটির কিছু অংশ ডুবে গেছে। কয়েক দিনের মধ্যে সেটি পুরোপুরি ডুবে যেতে পারে।

মার্কিন সামরিক বাহিনী বলেছিল, হুতিদের হামলায় মালবাহী জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটির অবস্থান থেকে আশপাশের ২৯ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে।

শনিবার জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর কোনও সাড়া দেয়নি।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারে একাধিক মিসাইল নিক্ষেপ করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এরপর থেকে জাহাজটিতে থাকা তেল চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *