পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় সৌদি সমর্থিত অন্তত ৬০ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। তবে এসব সেনা কোন দেশের নাগরিক তা পরিষ্কারভাবে জানা যায়নি।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল শনিবার (১৮ জানুয়ারি) রাতে জানিয়েছে, হুথি যোদ্ধারা আরব জোটের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে এসব ভাড়াটে সেনা নিহত হয়। ইয়েমেনের মা’রিব প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
যুদ্ধক্ষেত্রে হুথি সমর্থিত ইয়েমেনি সেনা : বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমসহ নানা সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে, হুথিদের হামলা ৬০ জনের বেশি সেনা নিহত হয়েছে এবং মা’রিবের সামরিক হাসপাতাল থেকে আহতদের চিকিৎসার জন্য রক্ত দেয়ার আবেদন জানানো হয়েছে।
তবে হামলার ব্যাপারে আরব জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয় নি। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি হবে আরব জোটের জন্য সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইয়েমেনের হাসপাতালে সূত্রগুলো বলছে, হামলায় অন্তত ৪৫ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
সূত্র : পার্সটুডে


