হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র

হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানসমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শেষ সময়ে নেওয়া এই সিদ্ধান্ত যুদ্ধকবলিত ইয়েমেনের মানবিক সংকট আরো জোরালো করে তুলবে বলে মনে করছে ত্রাণ সংস্থাগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরানসমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম উল্লেখ করে দেওয়া এক বিবৃতিতে জানান আনসার আল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার উদ্দেশ্য হলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত হামলা চালানো বেসামরিক নাগরিক, অবকাঠামো এবং বাণিজ্যিক সমুদ্র পরিবহন ঝুঁকির মুখে ফেলা।

পম্পেও বলেন, তারা যে অভিযান চালাচ্ছে তাতে বহু মানুষকে হত্যা করা হয়েছে, আঞ্চলিক অস্থিতিশীলতা অব্যাহত রেখেছে এবং ইয়েমেন সংকটের শান্তিপূর্ণ সমাধান অস্বীকার করছে।

নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের মাত্র ১০ দিন আগে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইরানের সঙ্গে নতুন মার্কিন প্রশাসনের কূটনৈতিক তত্পরতা শুরু এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মাইক পম্পেওর ঘোষণার নিন্দা জানিয়েছে ইরান এবং হুথি বিদ্রোহীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *