হৃদয়ে চরমোনাই
মাওলানা আমিনুল ইসলাম কাসেমী :: ইসলাহে নফসের ময়দান চরমোনাই। বরিশালের পুর্ব কোণে কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে এক বিশাল ময়দান। ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী শুরু হচ্ছে ইসলাহী মাহফিল।
রাজবাড়ী থেকে বেলা বারটায় রওয়ানা হলাম। জোহর ও আসর রাস্তায়। মাগরীবের নামাজ এর সময় হয়ে গেল চরমোনাই ময়দান থেকে কমপক্ষে পাঁচ কিলোমিটার দুরে থাকা অবস্থায়।
রাস্তায় প্রচুর যানজট। শত শত গাড়ী আটকে আছে। হাজার হাজার মানুষের পায়ে হাঁটার স্রোত। মাল- সামানা মাথায় নিয়ে আমরাও সেই মানব স্রোতে শরীক হলাম। শুধু হেঁটেই চলেছি। পথ যেন শেষ হচ্ছেনা। এক দুই কিলো নয়। পাঁচ কিলোমিটার হাঁটার পরে ময়দানের সন্ধান পেলাম।
১ নং, ২ নং, ৩ নং, ৪ নং,৫ নং, সকল মাঠ ভরে গেছে। কোথাও তিল ধরনের ঠায় নেই। মানুষের উপচে পড়া ভীড়। এত মানুষ না দেখলে বিস্বাস করা যাবেনা।
আমাদের অবস্থান পাঁচ নং মাঠের বাইরে। নির্ধারিত কোন মাঠে জায়গা হলো না। মাহফিলের একদিন বাকি। কিন্তু আগেই সকল মাঠ ভর্তি।
কোন সামিয়ানা বা চট নেই উপরে। একদম খোলা আকাশের নিচে। চাটিয়াল ময়দান। মাটির বড় বড় দলা / ঢিলা। অসমতল ভুমির উপরে আমরা পাটি বিছিয়েছি। মাইক- লাইট কিছু নেই।
শুধু আমরা নই। হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে অবস্হান করছে। মাহফিল শুরু হওয়ার আগে এমন অবস্থা। মাহফিল শুরু হলে কি অবস্থা হবে আল্লাহ মালুম।
এখনো যে ভাবে জনস্রোত চরমোনাই মুখী, তাতে কোথায় গিয়ে দাঁড়াবে এবারের মাহফিল। কি ধরনের গ্যাদারিং এবার হবে, সেটা বুঝাই মুশকিল।
চরমোনাই খানকা এদেশের পরিচিত। এ খানকার প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ মুহাম্মদ ইসহাক রহ.। আর সম্প্রসারণ করেছেন সৈয়দ ফজলুল করিম রহ.।
চরমোনাই খানকা এদেশের মানুষকে সঠিক পথের দিশা দিয়ে থাকে। এক আল্লাহর ইবাদত, নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তরিকা মোতাবেক জীবন যাপনের প্রতি মানুষকে উৎসাহিত করা হয়। মানুষকে গোনাহ থেকে বাচাঁনোর ফিকির। আমলের সাথে জুড়ে দেওয়া।
একারণে চরমোনাই এর খানকার প্রতিষ্ঠা লগ্ন থেকে লক্ষ লক্ষ মানুষ সহী তরিকা মোতাবেক চলার সন্ধান পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ সহী আমলের সাথে জুড়ে গিয়েছে। হাজারো মদ খোর, সুদ খোর, গাঁজা খোর, বে-নামাজী আমুল পরিবর্তন হয়েছে।
তাই তো মানুষের হৃদয়ে এখন চরমোনাই। এদেশের লক্ষ- কোটি মানুষের হৃদয়জুড়ে আছে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চরমোনাই মানুষের আবস্থা অর্জন করেছে।
বিশ্ব বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাথে এখন চরমোনাই এর হট লাইন। এমনি ভাবে মক্কা -মদিনার সাথে এখন গভীর সম্পর্ক। বিশ্বের বড় বড় আলেমদের পদচারণা এখন চরমোনাইতে।
পরিশেষে বন্ধুদের খেদমতে আরজ। দুআ চাই চরমোনাই মাহফিলের কামিয়াবীর জন্য। আল্লাহ তায়ালা এই মাহফিল কে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আমিন।
লেখক : শিক্ষক


