হেফাজত অরাজনৈতিক সংগঠন : বাবুনগরী

হেফাজত অরাজনৈতিক সংগঠন : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে হেফাজতে ইসলামের অবস্থান পরিস্কার করতে গিয়ে দলটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজত দেশের বড় একটি অরাজনৈতিক সংগঠন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দেশবাসীর উদ্দেশে দেয়া ২০ মিনিট ৩৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতিষ্ঠার ১১ বছরেও কোনো পার্টির সঙ্গে হেফাজতের সম্পর্ক ছিল না। কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। নাউজুবিল্লাহ, এটা ডাহা মিথ্যাচার। জনগণ এবং সরকারকে আমি বলবো আপনারা এসমস্ত গুজবে কান দেবেন না।

তিনি আরো বলেন, হেফাজত শান্তি-শৃঙ্খলা চায়, কোনো সংঘাতে যেতে চায় না। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়নও হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়।

হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে জুনায়েদ বাবুনগরী বলেন, নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। হেফাজতের যেসব নির্দোষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিন।

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, রমজানে প্রশাসন হেফাজতের নেতাকর্মীদের ও তৌহিদী জনতাকে হয়রানি করছে, গ্রেপ্তার করছে। নেতাকর্মীরা ভয়ে বাসায় আসতে পারেন না, সারারাত তাদের বাইরে থাকতে হয়। ইফতার ও সেহরির সময়ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

দেশাবাসী, হেফাজতের নেতাকর্মী, তৌহিদী জনতার উদ্দেশে বাবুনগরী বলেন, আপনারা সবুর করুন, কোনো সংঘাত, ভাঙচুর জ্বালাও পোড়াও করবেন না। হেফাজত জ্বালাও পোড়াওতে বিশ্বাস করে না। বরং হারাম মনে করে। আপনারা সবুর করুন।

তিনি বলেন, আজিজুল হক ইসলামবাদী, জুনায়েদ আল হাবীব ও মামুনুল হকসহ এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের সবাইকে মুক্তি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *