নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৩২ পৃষ্টার রায় কিভাবে ১০ দিনে লেখা সম্ভব হয়েছে- এ নিয়ে প্রশ্ন তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মামলায় ৬৩২ পৃষ্ঠার রায় কিভাবে ১০ দিনে লেখা সম্ভব হয়েছে? শুধু তাই নয়, সরকার খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারে রেখেছে।
শনিবার রাজধানীর পূর্ব পান্থপথ এলাকায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল করীম আব্বাসী, আবদুল গনি, কামালউদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এলডিপির সভাপতি দাবি করেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার প্রতি এরূপ আচরণ জাতি আশা করেনি। ন্যায়বিচারের স্বার্থে সবার উচিত এর প্রতিবাদ করা।
তিনি অভিযোগ করেন, বড় দুর্নীতিবাজরা সাজা পাচ্ছে না, অথচ খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। যখন যে ক্ষমতায় থেকেছে, তখন সে নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে।
এক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘তিনি মনে করেন, বিএনপির নেতৃত্বে সংকট হবে না। একজনের অনুপস্থিতিতে আরেকজন নেতৃত্বের জায়গা পূরণ করবে।’


