পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে বুধবার (১১ আগস্ট) শুরু হচ্ছে মুহররম মাস ও নতুন বছর ১৪৪৩ হিজরি। আগামী ২০ আগস্ট শুক্রবার (১০ মুহররম ) পবিত্র আশুরা পালিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৩ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১০ আগস্ট) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে মুহররম মাস গণনা শুরু হবে। আগামী ২০ আগস্ট (১০ মহররম) শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।
আরও পড়ুন: ‘মুহররম’ মুসলমানদের বিজয়ের এবং শোকের মাস : আল্লামা মাসঊদ
আরও পড়ুন: আশুরা; শোক ও সুখের দিন
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনূর মিয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস মেহেদী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মুহ. আছাদুর রহমান, মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহি উপস্থিত ছিলেন।


