১ ডিসেম্বর থেকে ৮ জেলায় পরিবহন ধর্মঘট

১ ডিসেম্বর থেকে ৮ জেলায় পরিবহন ধর্মঘট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩০ নভেম্বরের মধ্যে সড়কে ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

শনিবার (২৬ নভেম্বর) নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

সভায় বক্তব্য দেন বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাঁপাইনবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান। এছাড়া সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিকেল ৪টার দিকে একই স্থানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ ও জ্বালানি তেল ও যন্ত্রাংশের মূল্য হ্রাসসহ ১১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দ্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব শনিবারের যৌথ সভার লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এ সময় আট জেলার পরিবহন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশে মানুষের গণজোয়ার ঠেকাতেই সরকারি মদদে অন্যান্য বিভাগের মত রাজশাহী বিভাগেও পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘট ডেকেও সরকার বিএনপির মহাসমাবেশে মানুষের গণজোয়ার ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *