‘২০৪১ সালে বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ দেশ’

‘২০৪১ সালে বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ দেশ’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করতে হবে। ২০৪১ সালে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক, সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশে পরিণত হবে।

এর নেপথ্যে যে বিপুল আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে তার মূলে থাকবে বিদ্যুৎ। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, বিদ্যুৎসেবা আরো বাড়াতে হবে। টিমওয়ার্ক করার জন্যই এই অর্জন দ্রুত হয়েছে। টিমওয়ার্ক করেই কর্মদক্ষতা বাড়াতে হবে।

আজ বুধবার বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা, কম্পানিসমূহের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের একটি জবাবদিহিমূলক ব্যবস্থা। কখন কোনো কাজ সম্পাদন করতে হবে তার টাইমলাইন থাকায় সাফল্য পেতে সহজ হয়। অতীতে ভালো করলেও বিগত দুটি বছরে অর্জিত সম্মানজনক অবস্থান বিদ্যুৎ বিভাগ ধরে রাখতে পারিনি। আগামীতে প্রথম স্থান পেতে হবে। আমাদের যে অর্জন হয়েছে তা ধরে রাখা হবে। রক্ষণাবেক্ষণের জায়গায় আরো সচেতন হতে হবে। ‘

অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিসুল হক এবং অফিস সহায়ক আফরোজা আক্তার।

বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ বিভাগের অতিরক্ত সচিব ও এপিএ টিম লিডার মু. মোহসিন চৌধুরী, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সঞ্চালন, বিতরণ ও উৎপাদন খাতের কম্পানিসমূহের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *