২১  এপ্রিল শবে বরাত

২১ এপ্রিল শবে বরাত

পাথেয় রিপোর্ট : শনিবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। আগামী ২১ এপ্রিল শবে বরাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২১ এপ্রিল রবিবার পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের পিআরও নিজামুদ্দীন।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সভায় হিজরি শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। কোথাও থেকে চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

মুসলমানদের কাছে বছরের যে কয়েকটি রাত মর্যাদাপূর্ণ এর একটি শবে বরাত। মধ্যশাবানের এই রাতকে হাদিসের পরিভাষায় ‘নিসফে শাবান’ বলা হয়। আলেমরা জানান, শক্তিশালী হাদিসে এই রাত সম্পর্কে তেমন কিছু পাওয়া না গেলেও দুর্বল হাদিস সূত্রে এই রাতের ফজিলতের কথা জানা যায়।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত ততটা গুরুত্বের সঙ্গে পালিত না হলেও ভারত উপমহাদেশে রাতটি বেশ গুরুত্বের সঙ্গে পালিত হয়। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকেন। এ উপলক্ষে সরকারি ছুটি থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *