পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ২৮ এপ্রিলের পর চলমান লকডাউন আর থাকছে না। ধীরে-ধীরে সবকিছু খুলে দেয়া হবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। তবে বিধিনিষেধ না থাকলেও সবাইকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব মানতে হবে।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন বলেন, গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে উঠবেন এবং যাত্রার সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে। এভাবে চললে সংক্রমণ অনেকটাই কমে যাবে।
আগামী ২৮ এপ্রিল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
এদিকে, বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে।
শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


