৩০ আগস্ট আসছে ফাইজারের ১০ লাখ টিকা

৩০ আগস্ট আসছে ফাইজারের ১০ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলেও জানান তিনি।

মাইদুল ইসলাম প্রধান জানান, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার।

গতকাল সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবেই ৩০ আগস্ট এই ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *