৩০ টাকা কেজি দরে টিসিবির কার্ডে যুক্ত হলো চাল

৩০ টাকা কেজি দরে টিসিবির কার্ডে যুক্ত হলো চাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টিসিবির কার্ডে এখন থেকে একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন। নিয়মিত পণ্যগুলোর সঙ্গে এবার এই পণ্যটি যোগ করা হলো।

শনিবার (১৫ জুলাই) টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি টিসিবির পণ্য তালিকায় প্রতিকেজি ৩০ টাকা দরের ৫ কেজি করে চাল থাকবে। রবিবার উত্তরা ৮ নম্বর সেক্টরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নতুন এই কর্মসূচি উদ্বোধন করবেন।

ফ্যামিলি কার্ডধারী টিসিবির গ্রাহকরা জুলাই মাসে ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা কেজি ধরে এক কেজি চিনি এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন।

চাল যুক্ত হওয়ায় স্বল্প আয়ের মানুষদের বাজার খরচ আরও কিছুটা কমবে। টিসিবির হিসাবে এই মুহূর্তে রাজধানীতে মোটা চালের দাম ৪৮ টাকার নিচে নেই। মাঝারি চালের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা আর সরু চালের দাম ৬০ থেকে ৭৫ টাকা। টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের কাছে কোন ধরনের চাল বিক্রি করা হবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

গত জুন মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য পণ্যের সঙ্গে চালও বিক্রির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সে অনুসারে জুলাই মাস থেকেই চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সংস্থাটি। টিসিবিকে ভর্তুকি মূল্যের এই চাল সরবরাহ করছে খাদ্য অধিদপ্তর।

সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এই সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকেও পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *