পাথেয় ডেস্ক : রোভম্যান পাওয়েল ৪৪ রানে আউট হওয়ায় ভারী বিরক্ত হলো ক্যারিবীয় দর্শকেরা। ‘আমরা তোমার ফিফটি উদ্যাপনের অপেক্ষায় অথচ তুমি এটা কী করলে!’—পার্টি স্ট্যান্ডে দাঁড়ানো দর্শকেরা ভীষণ হতাশ।
পাওয়েল হতাশ করলেও ‘লোকাল হিরো’ শিমরন হেটমায়ার গায়ানিজদের হতাশ করেননি। পার্টি স্ট্যান্ডে গানেের তালে নেচে ওঠার উপলক্ষ তিনিই এনে দিয়েছেন। হেটমায়ারের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে পেয়েছে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর। শেষ ৫৭ বলে ৬ উইকেট পড়লেও এ সময়ে যোগ হয়েছে ৮৯ রান।
প্রথম ওয়ানডের মতো মাশরাফি বিন মুর্তজা টস জিতেছেন। সকালে বার তিনেক বৃষ্টি হয়েছে প্রভিডেন্সে। বৃষ্টির হানা ম্যাচে থাকলে ওভার কাটা যেতে পেরে, পড়তে হতে পারে কঠিন সমীকরণে, এ ভাবনা থেকেই হয়তো দিবারাত্রির ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে বাংলাদেশের শুরুটাও হয়েছে দারুণ।
এভিন লুইসকে (১২) এলবিডব্লিউ করে শুরুটা করলেন মাশরাফি বিন মুর্তজা। ধুঁকতে থাকা ক্রিস গেইলকেও (৩৮) দ্রুত ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। ১৩.৪ ওভারে ৫৫ রান তুলতে দুই বিধ্বংসী ওপেনারকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ দলে উচ্ছ্বাস। সেটি অারও বাড়ল ওয়েস্ট ইন্ডিজ ২৩.৫ ওভারে ১০২ রানে ৪ উইকেট হারালে।
উইকেট অনেকটা প্রথম ওয়ানডের মতো হলেও বল আজকে ভালোই ব্যাটে আসছিল। তবে উইন্ডিজ টপ অর্ডার এটি কাজে লাগাতে ব্যর্থ হয়। ক্যারিবীয়দের প্রতিরোধ গড়ে ওঠে হেটমায়ার-পাওয়েলের পঞ্চম উইকেট জুটিতে। পাওয়েল বাংলাদেশে পেসার কিংবা স্পিনারদের বিপক্ষে ধরে খেলেছেন। অন্যপ্রান্তে হেটমায়ার দ্রুত গতিতে রান তুলেছেন। দুজনের দারুণ বোঝাপড়ায় ১১০ বলে গড়ে ওঠে ১০৩ রানের জুটি। প্রভিডেন্স স্টেডিয়ামে পঞ্চম উইকেটে এটিই সর্বোচ্চ। এই জুটিটাই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর গড়তে।
পাওয়েলকে রুবেল ফেরালেও হেটমায়ার এগিয়ে গেছেন সেঞ্চুরির দিকে। তিন অঙ্ক ছোঁয়ার আগে ২১ বছর বয়সী গায়ানিজ থেমে যেতেন, যদি সাকিব আল হাসানের হাতটা অমন পিচ্ছিল না হয়ে যেত। কাল ফিল্ডিং অনুশীলনেও দেখা গিয়েছে সীমানার কাছে ক্যাচ হাতছাড়া করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তাই বলে ম্যাচে! ৪৩তম ওভারের চতুর্থ বলে রুবেলকে ডিপ মিডউইকেটে উড়িয়ে মারতে চেয়েছিলেন হেটমায়ার। সীমানার কাছে দাঁড়ানো সাকিবের হাত ছুঁয়ে বল চলে গেল সীমানার বাইরে। কোথায় ক্যারিবীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান ৭৯ রানে ড্রেসিংরুমে ফিরে যাবেন। সেটি তো হলোই না, উল্টো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পেয়ে গেলেন সেঞ্চুরি। ঘরের মাঠে সেঞ্চুরি পেয়েছেন, শূন্যে লাফ-টাফ দিয়ে উদ্যাপন করলেন, লাফালাফি হলো গায়ানিজদেরও। সেঞ্চুরি করেই থামেননি, শেষ ৯ বলে ৩ ছক্কা মেরে দলীয় স্কোরটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন। রানআউট হয়ে দলের শেষ উইকেট হিসেবে ফিরলেও করে গেছেন ১২৫ রান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সর্বোচ্চ ৩০৮ রান তাড়া করার রেকর্ড আছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে করেছিল ক্যারিবীয়রাই। কিন্তু এই উইকেটে বাংলাদেশ আজ ২৭২ করতে পারবে? ক্যারিবীয়রা খুশি, ভালো স্কোর পেয়ে গেছে তারা। বাংলাদেশ শেষ পর্যন্ত আর পারলো না। তীরে ভিড়তে পারলো না। ঘাটে নৌকা লাগার আগে নাও ডুবালো।মাত্র তিন রানে হেরে গেলো।


