পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদক বেচাকেনার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের জালাল আহমেদের ছেলে জামান হোসেন (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জের নাছুল উপজেলার হাটবাকুল গ্রামের খায়রুল ইসলামের ছেলে মো. মহসিন (২৫)। তারা দুজনেই টঙ্গী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, গোপন সংবাদের খবর পেয়ে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


