৫ কোটির বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন

৫ কোটির বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন

৫ কোটির বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতোমধ্যেই ভোট দিযেছেন ৫ কোটির বেশি আমেরিকান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর। দিনের হিসাবে বাকি আছে ৯ দিন। কিন্তু শুক্রবার পর্যন্ত ৫ কোটিরও বেশি আমেরিকান ভোট দিয়েছেন। ইউএস ইলেকশনস প্রজেক্ট জানিয়েছে, এবার এত আগাম ভোট পড়বে যে গত একশো বছরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এত মানুষ আগাম ভোট দেননি। খবর গার্ডিয়ান অনলাইন।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, যুক্তরাষ্ট্রে প্রতি নির্বাচনেই কয়েক কোটি আগাম ভোট পড়ে। তবে এবার সেই সংখ্যাটা অনেক বেশি। ট্রাম্প আর জো বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও মহামারি করোনার কারণে আগাম ভোট দিয়েই ভোটাররা নিরাপদ থাকতে চাচ্ছেন বলেই এবার আগাম ভোটের এমন জোয়ার।

ইউএস ইলেকশনস প্রজেক্টের হয়ে কাজ করা ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড সাম্প্রতিক আমেরিকান প্রবণতার কথা উল্লেখ করে পূর্বাভাস দিচ্ছেন, এবারের নির্বাচনে আনুমানিক ১৫ কোটি মানুষ ভোট দেবে; যা ১৯০৮ সালের পর সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের মোট ভোটারের ৬৫ শতাংশ।

২০১৬ সালের নির্বাচনের চেয়ে এবার টেক্সাসে ভোটের সংখ্যা ইতোমধ্যে ৭০ শতাংশ ছাড়িয়েছে। জর্জিয়ায় ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে অনেককে। রেকর্ড ১১ লাখ ভোট পড়েছে উইসকনসিনে। এ ছাড়া আগাম ভোট দিতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে ভার্জিনিয়া আর ওহাইওসহ আরও বেশ কিছু রাজ্যে।

ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য ফ্লোরিডায় দুই প্রার্থীর ব্যবধান কম। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাওয়া এই রাজ্যেও আগাম ভোট পড়েছে ৪০ লাখের বেশি। মহামারি এবারের মার্কিন নির্বাচনী প্রচারের ধরন বদলে দিয়েছে। ডেমোক্র্যাটরা সমর্থকদের আগাম ভোট দিতে উৎসাহিত করছে; হোক তা লাইনে দাঁড়িয়ে কিংবা ডাকযোগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *