৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে : ঢাবি উপাচার্য

৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে : ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশ ও র‌্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। লালমোহন-তজুমদ্দিন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ও লালমোহন ফাউন্ডেশন এ সমাবেশের আয়োজন করে। ঢাবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটি বিশ্ব সম্পদে পরিণত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ঐতিহ্যিক মর্যাদা সমৃদ্ধ হয়েছে। একটি জাতিকে সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়ে অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভাষণে বপন করা হয়েছে জাতিসত্তা বিকাশের বীজ। পরবর্তীতে এটির সফল বাস্তবায়ন হয়েছে। স্বাধীনতা ঘোষণার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া জরুরি হয়ে পড়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওয়াহীদুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সংসদ সদস্য কাজী রোজী, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি অসীম সাহা, কবি নুরুল হুদা প্রমুখ। সমাবেশে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *