পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২০-২১ অর্থ বছরে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়ন খাতে বিশেষ বরাদ্দ রেখে ঘোষণা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটুসহ অন্যরা।
সিটি মেয়র বলেন, আমরা একটি বাস্তবায়নযোগ্য বাজেট করেছি। আমাদের আশা শতকরা ৯৫ ভাগ এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে। এ বাজেটে নতুন কিছু প্রকল্প সংযোগ করা হয়েছে। আমরা শ্যামাসুন্দরী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি। তারা সম্ভাব্য প্রাক্কলন তৈরি করবে। শ্যামাসুন্দরীর জন্য আমরা ৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছি। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে রংপুর নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
এছাড়া ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত আধুনিক দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সড়কও নির্মাণ করা হবে।
/এএ


