পাথেয় রিপোর্ট : ইসলাম প্রান্তিকতামুক্ত, সহজ-সরল, উদার, ন্যায়ভিত্তিক সীরাতে মুস্তাকিমের সন্ধান দেয় বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, প্রান্তিকতায় আবদ্ধ পৃথিবী ইসলাম থেকে দূরে সরে গেছে। ফলে সৃষ্টি হয়েছে বিভাজনের।
ইসলামের ওয়াসাতিয়্যাতের প্রশংসা করে আল্লামা মাসঊদ বলেন, বর্তমান বিশ্বে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, অস্থিরতা ও ক্রমবর্ধনশীল চরমপন্থা পরিলক্ষিত হওয়ার এই সময়ে ওয়াসাতিয়্যাতুল ইসলাম তথা ইসলামের ভারসাম্যপূর্ণ ইনসাফভিত্তিক মধ্যমপন্থা ও উদার সহনশীলতা সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম।
কুরআনে শেষ নবীর উম্মতকে উম্মাতান ওয়াসাতান উল্লেখ করা হয়েছে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, নবীজীর এই উম্মতকেই মধ্যপন্থার উম্মত হিসেবে অভিসিক্ত করা হয়েছে। উম্মতকে সেভাবেই বিষয়টি হৃদয়ঙ্গম করতে হবে।
ইসলামের স্বভাবজ প্রকৃতি মধ্যপন্থা দাবি করে আল্লামা মাসঊদ বলেন, প্রত্যেক বস্তু ও বিষয়েই একটা নিজস্ব মেজায ও বৈশিষ্ট্যময় প্রকৃতি থাকে যা দিয়ে উক্ত বস্তু বা বিষয়টির সম্যক পরিচয় উপলব্ধ হয়। ইসলামের ও ইসলামী শরীয়ারও নিজস্ব একটা বৈশিষ্ট্যময় মেজায ও স্বভাবজ প্রকৃতি আছে। ওয়াসাতিয়াত হলো, ইসলামের ও ইসলামী শরীয়ার অন্যতম মধ্যপন্থা স্বভাব।
প্রান্তিকতার বিপরীতে ইসলামের মধ্যমপন্থাকে আকর্ষণীয় হিসেবে উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ইসলামের ভারসামন্যপূর্ণ ইনসাফভিত্তিক মধ্যমপন্থাকে বুঝতে পারলে ইসলামের সৌন্দর্য ও মাধুরিমা এবং সর্বব্যাপীগ্রহণযোগ্যতা উপলব্ধি করা সহজ হবে।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বাগোরে আন্তর্জাতিক গবেষণামূলক এক সেমিনারে বাংলাদেশ থেকে একমাত্র অতিথির বক্তব্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
হাই লেভেল কনসালটেশন অব ওয়ার্ল্ড মুসলিম স্কলার অন ওয়াসাতিয়্যাত ইসলাম শীর্ষক এ সেমিনারে অংশ গ্রহণ করেন বাংলাদেশ বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন।


