যুক্তরাষ্ট্রের ভিসা পেতে প্রতীক্ষা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে প্রতীক্ষা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগস্টের মাঝামাঝি ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দূতাবাসে ব্যাকলগের কারণে অ্যাপয়েন্টমেন্ট শেষ না হওয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশি শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে। যার ফলে উদ্বিগ্নতায় ভুগছেন এসব বাংলাদেশি শিক্ষার্থীরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর “ফল সেশনের” জন্য ৮ মাস আগে আবেদন করেছিলেন। তখন শিক্ষার্থীদের আবেদনের চাহিদা বেশি থাকা সত্ত্বেও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস চাহিদা অনুযায়ী ভিসা অ্যাপয়েন্টমেন্টের স্লট খুলতে পারেনি।

ইউএস মিশন জানায়, প্রশাসনিক প্রক্রিয়ার কারণে ভিসার অনুমোদন বর্তমানে মুলতবি রয়েছে। এ কারণে ভিসার জন্য সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকারের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অপেক্ষা দীর্ঘতর হচ্ছে।

আবেদনকারীদের মধ্যে অনেকেই বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছে। যথাসময়ে ক্লাসে যোগ দিতে ব্যর্থ হলে তাদের ভর্তি, বৃত্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দেরি হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা মানসিক চাপে ভুগছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তা জানান, তারা নিয়মিত কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করেছেন। স্টুডেন্ট ভিসার ব্যাপক চাহিদা মেটাতে এবং যত বেশি সম্ভব শিক্ষার্থীদের ইন্টারভিউ নিশ্চিত করতেও বিশেষ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর বলেন, “আমরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সম্ভাব্য বিলম্ব এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে উৎসাহিত করছি।”

স্টুডেন্ট ভিসার ব্যাপক চাহিদা মেটাতে দূতাবাস একটি প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই বিশেষ প্রচেষ্টার মধ্যে রয়েছে নির্ধারিত শুক্রবার দিনগুলোতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া।”

জেফ রিডেনর আরও বলেন, “আমরা বুঝতে পারি যে আবেদনকারীদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে আমরা যত দ্রুত সম্ভব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করি।”

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানান, প্রশাসনিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য কনস্যুলার অফিসারের আরও তথ্যের প্রয়োজন হতে পারে এবং আবেদনকারীকে ই-মেইলের মাধ্যমে পূরণ এবং জমা দেওয়ার জন্য একটি প্রশ্নপত্র দেবে। আবেদনকারী যত দ্রুত প্রশ্নপত্রের উত্তর জমা দেবেন, তত তাড়াতাড়ি আবেদনের বিষয়ে অফিসার সিদ্ধান্ত নিতে পারবেন।

সুত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *