রোহিঙ্গাদের আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ১৭০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থান করা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অফ স্টেট) অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য নতুন এ সহায়তার ঘোষণা দেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট মাস থেকে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দেওয়া মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছাল। এবারের মানবিক সহায়তার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট থেকে ৯৩ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকে ৭৭ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

এরমধ্য থেকে ১৩৮ মিলিয়ন ডলার বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয় দেওয়া ৫ লাখ ৪০ হাজারের বেশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। এরমধ্যে রয়েছে- খাদ্য,স্বাস্থ্যসেবা, সুরক্ষা, নিরাপদ পানীয়, শিক্ষা, আশ্রয় এবং মনোসামাজিক সহায়তা।

বিজ্ঞপ্তিতে দূতাবাস আরও জানায়, মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়া এবং মিয়ানমারের সহিংসতার কারণে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা বাড়াতে বিশ্বে অন্যান্য দাতাদের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্যা দেশগুলোর উদারতার প্রশংসা করে। রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে পেতে বাংলাদেশ সরকার, রোহিঙ্গা ও মিয়ানমারের অভ্যন্তরে থাকা জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যাতে করে মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হলে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে ফিরে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *