পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটর মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২২ অক্টোবর নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির অভিযোগ, সমাবেশ বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে কোনো কারণ ছাড়া বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাস মালিকরা এই দুদিন বাস না চালানোর ঘোষণা দিয়েছে। শ্রমিকরা এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এসএম শফিকুল আলম মনা বাস চলাচল বন্ধের ঘোষণাকে বিএনপি সমাবেশ বাধাগ্রস্ত করার কৌশল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকার সমর্থকরা পরিকল্পিতভাবে কাজটি করেছে। এতে বিএনপির সমাবেশে কোনো প্রভাব পড়বে না।


