‘আব্বু, তুমি চরম ভুল পথে আছো’

‘আব্বু, তুমি চরম ভুল পথে আছো’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘আব্বু, যদি তুমি আমার মেসেজ পেয়ে থাকো, বলতে চাই, তুমি চরম একটা ভুল পথে আছো। ’

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরুদ্দেশে যাওয়া কিশোর ছেলের উদ্দেশে এভাবে আবেগ প্রকাশ করেন তার মা আম্বিয়া সুলতানা ওরফে এমিলি।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, জঙ্গিবাদে প্ররোচিত হয়ে স্বেচ্ছায় ঘরত্যাগী ৫৫ জন তরুণের হালনাগাদ তালিকা করেছে র‌্যাব। ১৯ জেলা থেকে নিরুদ্দেশ হওয়া এই তরুণদের মধ্যে ৩৮ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে। এসব তরুণকে খুঁজে পাওয়া না গেলে তা সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একজন নারী সদস্য ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে।

গ্রেপ্তার করা তিনজনের মধ্যে রয়েছেন সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারী আব্দুল হাদি ওরফে সুমন ওরফে জন (৪০), আবু সাঈদ ওরফে শের মোহাম্মদ (৩২) ও দাওয়াতি কার্যক্রমে জড়িত রনি মিয়া (২৯)। তাঁদের কাছ থেকে তিনটি উগ্রবাদী বই, ৯টি প্রচারপত্র (লিফলেট) ও দুটি ব্যাগ জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত আম্বিয়া সুলতানা জঙ্গিবাদ থেকে তাঁর ফিরে আসার কথা জানিয়ে বলেন, আট মাস আগে তিনি নিজেই তাঁর ছেলে আবু বক্কর রিয়াসাদ রাইয়ানকে (১৫) তথাকথিত হিজরতের নামে জঙ্গি প্রশিক্ষণে পাঠিয়েছেন।

ছেলে রাইয়ানের উদ্দেশে আম্বিয়া সুলতানা বলেন, ‘তুমি তোমার এই মাকে বিশ্বাস করতে পারো। তোমার কাছে আমার অনুরোধ, তুমি যদি কখনো তোমার এই মাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি দেশের জন্য কোনো ধরনের হুমকির কাজ করবে না, কোনো ধরনের বিশৃঙ্খলা, নৃশংসতা, অন্যায় কাজে শামিল হবে না। অনুরোধ করছি, তুমি আত্মসমর্পণ করো। প্রশাসন সদয় হবে।’

সাংবাদিকদের আম্বিয়া বলেন, ‘আমি মাস্টার্স পাস করেছি। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজে চাকরি করেছি। ২০১৩ সালে বিমান বাংলাদেশে চাকরি করেছি খণ্ডকালীন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে চরম ভুল একটা পথকে সঠিক মনে করে সন্তানকে দিয়েছিলাম। এ কারণে আজ আমার আদরের সন্তান বান্দরবানের পাহাড়ে অর্ধমৃত অবস্থায় আছে।

আমি জানি না আমার সন্তান বেঁচে আছে কি না। জানি না আমি কখনো দেখতে পাব কি না। এটা আমার মা হিসেবে চরম ব্যর্থতা। শিক্ষিত মেয়ে হয়েও আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি সঠিক কোনটা, ভুল কোনটা। আমাকে ডিমোটিভেট করা হয়েছে। আমার সন্তান আবু বক্কর রিয়াসাদ রাইয়ানকেও করা হয়েছে। আমাকে মিসগাইড করা হয়েছে।’

তিনি দাবি করেন, ‘জঙ্গিদের গ্রুপ, সংগঠনের নাম, তাদের কর্মকাণ্ড—সব কিছু আমার কাছে গোপন করা হয়েছিল। একটা ভুল বিষয়কে আমার সামনে কোরআন-হাদিসের রেফারেন্স দিয়ে বোঝানো হয়েছে সঠিক হিসেবে।’

র‌্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আমরা যে ৫৫ জনের তালিকা দিয়েছি, এর মধ্যে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুটি ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদসহ ১০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়। ঘর ছাড়া ৫৫ তরুণ একসঙ্গে থাকার কথা নয়, তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের অভিযানের ব্যাপারটি বুঝতে পেরে হয়তো তারা দুটি ক্যাম্প থেকে আত্মগোপনে চলে যায়।’

র‌্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা থেকে বেশ কয়েকজন তরুণ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। পরে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল তাদের মধ্যে চার তরুণকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এ ছাড়া কুমিল্লা থেকে নিখোঁজ আরেক তরুণ নিজে থেকেই বাড়িতে ফিরে আসে। এরপর পাঁচটি অভিযান চালিয়ে আরো ২৯ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবু বক্কর গত মার্চে গৃহশিক্ষক আল আমিনের পরামর্শে প্রশিক্ষণের উদ্দেশ্যে তথাকথিত হিজরতের নামে বাড়ি থেকে বের হয়। এরপর আবু বক্কর আর বাড়ি ফিরে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *