ঢাকায় আল্লামা মাসঊদের দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু

ঢাকায় আল্লামা মাসঊদের দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের উপস্থিতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বাদ আসর জামিআ ইকরা বাংলাদেশের রাঈস, কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফের স্বাগত ইসলাহী বয়ানের মাধ্যমে এই আমলী ইজতেমা শুরু হয়।

ইজতেমায় আগত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আমাদের এই ইজতেমা আমলী ইজতেমা, ওয়াজের নয়। আমরা সবাই কমবেশি ওয়াজ জানি, কিন্তু আমলের বেলায় নাই। এজন্য আমলী জিন্দেগি গঠনের জন্য আমাদের এই ইজতেমার আয়োজন করা হয়। আর আমলী পরিবেশ তৈরি করার জন্য এই ইজতেমায় ঈমান-আমলের কথা বলা হবে, পবিত্র কুরআন তেলাওয়াত শিখানো হবে, নফল নামাজ পড়তে উৎসাহী করা হবে। এসব কিছু মূল হলো নিজের জীবনকে আমলী জিন্দেগী বানানো।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দিন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকম জানান, তাযকিয়ায়ে নফসের অনুশীলনের এই ইজতেমা প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি আরও বলেন, আজ বাদ আসর থেকে ইজতেমা হয়েছে। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, পবিত্র কুরআনী তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবেন আগত মুসল্লিরা। আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত হয়েছে।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, আমারা এই ইজতেমায় দলে দলে শরীক হয়ে নিজেদের ইসলাহ ও সংশোধনে সচেষ্ট হই, তওবা-ইস্তিগফার করি। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং ইখলাস ও আমলের তাওফিক দিন। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *