রমজানে পবিত্রতা রক্ষা করুন : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : পবিত্র রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষায় সবাইকে সহনশীল ও সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তু উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, রমজান মানবতার কল্যাণে কাজ করার মতো একটি মহান মাস। এ মাসে মুসলমানদের ঘরে যে রহমত, মাগফেরাত ও নাজাতের পয়গাম আসে- এর প্রভাব গোটা সমাজেই পড়ে। তাই সবধর্ম ও মতের মানুষদেরও রমজানের পবিত্রতা রক্ষা করা উচিত। রোজাদারদের প্রতি সহমর্মী হওয়াটা পারস্পরিক ধর্ম পরিপালনের ক্ষেত্রে অনেক বড় মানবতা।
লাগামহীন বাজারমূল্যের কারণে রোজাদারদের কষ্ট হতে পারে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সবচেয়ে বেশি সহিষ্ণু ব্যাবসায়ীদের হওয়া উচিত। রোজায় নিত্যপণ্যের দাম বাড়ানো ভালো লক্ষণ নয়। রোজা ব্যবসার জন্য নয়, রোজা পরের উপর দয়ার্দ্র হওয়ার এক পুণ্যের মাস।
হত্যা ও পৈশাচিক নগ্ন হামলার মধ্য দিয়েই ফিলিস্তিনে রমজান এসেছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, জেরুজালেমে আমেরিকার দূতাবাস স্থাপন বিশ^মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। ডোনাল্ট ট্রাম্পকে এর জন্য অবশ্যই মাশুল গুনতে হবে।
বিশ্বব্যাপী সব মুসলমানের ঘরে সিয়ামসাধনার যে আবহ ছড়িয়ে পড়েছেÑএইসব পুণ্যক্ষমতায় একদিন ফিলিস্তিন স্বাধীন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আল্লামা মাসঊদ।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তু উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *