ওয়ার্ল্ড ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবস্থান নিয়ে ধোয়াশা কাটছে না এখনও। বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাকে; আর এই সুযোগে রটছে বিভিন্ন খবর। ইরানি গণমাধ্যমগুলো প্রকাশ করেছে তার মৃত্যুর খবর! এ ব্যাপারে ইরানের কাইহান পত্রিকা ‘আরব রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার’ বরাত দিয়ে দাবি করছে, সৌদির রাজপ্রাসাদে হামলার সময় যুবরাজ বিন সালমানের শরীরে দু’টি বুলেট আঘাত হানে।এতেই তিনি হয়তো মারা গেছেন। কারণ ওই ঘটনার পর যুবরাজকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
সম্প্রতি ইরানের ‘প্রেস টিভি’, ‘ফার্স নিউজ’ ও রাশিয়ায় ‘স্পুতনিক নিউজ’ জানায়, গত মাসে কথিত ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সালমান।
তবে পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, সৌদি দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সালমানের মৃ্ত্যুর এই গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে শত্রুপক্ষ এ প্রচার চালিয়েছে।
গত ২৭ এপ্রিল তোলা একটি ছবি দেখিয়ে তিনি বলেন, ‘২১ এপ্রিল যদি কোনো হামলা হয়ে থাকত, তাহলে ২৭ এপ্রিল এই অনুষ্ঠানে হাজির হওয়া কীভাবে সম্ভব? তাই এই মিথ্যাকে প্রত্যাখ্যান করলাম।’
এদিকে, এ আশঙ্কা নাকচ করে দিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেঁচে আছে বলে জানিয়েছে দেশটির সরকারি দৈনিক আল রিয়াদ। টুইটারে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি, আবুধাবি ও বাহরাইনের নেতাদের সঙ্গে যুবরাজের ছবি প্রকাশ করে সংবাদমাধ্যমটি। তবে ছবিটি সাম্প্রতিক সময়ের কি না সে বিষয়ে নিশ্চিত না হওয়ায়, শঙ্কা কাটছে না মোহাম্মদ বিন সালমানের ভবিষৎ নিয়ে। এদিকে, মোহাম্মদ বিন সালমানের মৃত্যু নিয়ে অপপ্রচারের সমালোচনা করেছে সৌদি কর্তৃপক্ষ।


