পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যে এলাকায় উচ্ছেদের পরও অবৈধ সংযোগ স্থাপন করা হবে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিতাসের এমডি হারুনুর রশীদ মোল্লাহ।
রোববার (৫ মার্চ) সকালে সাভারে অংশীজনদের সঙ্গে ‘গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও স্বল্পচাপ সমস্যার সমাধানের উপায় ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, অবৈধ সংযোগের সঙ্গে তিতাসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকরা তাদের সমস্যা তুলে ধরেন। পরে সেসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিতাসের এমডি।
এ সময় তিতাসের শীর্ষ কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


