৬ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি কাতারের

৬ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি কাতারের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রোববার রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলনে তিনি এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ৬ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর দ্য নিউ আরব

উদ্বোধনী বক্তৃতায় আমির তামিম খাদ্য নিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানী সংকটের চ্যালেঞ্জগুলো সকলে মিলে মোকাবেলা করার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করা ধনী ও উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব।’

তিনি উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার জন্য ৬ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

তামিম বিন হামাদ ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে রাজনীতিকরণের নিন্দা করেছেন। কিছু আরব রাষ্ট্র ভূমিকম্পকে কেন্দ্র করে বাশার আল আসাদ শাসিত সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। এই পদক্ষেপের সমালোচনা করে কাতারের আমির জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ট্র্যাজেডি থেকে ফায়দা লোটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘আমি ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণকে বিনা দ্বিধায় সাহায্য করার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। এই লোকদের কাছে সাহায্য পৌঁছাতে যে বিলম্ব হয়েছে তাতে আমি বিস্মিত হয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই রাজনৈতিক উদ্দেশ্যে একটি মানবিক ট্র্যাজেডিকে কাজে লাগানো অগ্রহণযোগ্য।’

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মত আরব রাষ্ট্রগুলো সম্প্রতি বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। তবে কাতার সেই পথে হাঁটতে নারাজ। এলডিসি সম্মেলনে কাতারের আমিরের বক্তব্যে তারই ইঙ্গিত পাওয়া গেছে।

উল্লেখ্য, সম্ভাবনা থেকে সমৃদ্ধি এই থিমকে সামনে রেখে ৫ মার্চ, রোববার কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে পঞ্চম এলডিসি সম্মেলন। স্বল্পোন্নত দেশগুলোর এই সম্মেলন ৯ মার্চ শেষ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *