পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিয়েভ জানিয়েছে, তারা প্রায় ধ্বংস হওয়া পূর্ব ইউক্রেনের শহর বাখমুতকে রক্ষা করতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর আক্রমণ প্রতিহত করছে। রাশিয়া কয়েক মাস ধরে শহরটি দখলের চেষ্টা করছে এবং সাম্প্রতিক হামলায় তারা চারদিক থেকে শহরটিকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সেনারা এখন শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া। যা ভয়ঙ্কর লড়াইয়ে রাজনৈতিক পুরস্কার হয়ে উঠেছে। অন্যদিকে, ইউক্রেন ‘বাখমুত দুর্গ’ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত ও আভিভকা এলাকাসহ যুদ্ধক্ষেত্রে গত কয়েক দিনে ১৩০ টিরও বেশি রাশিয়ান আক্রমণ প্রতিহত করা হয়েছে। গতকাল রোববার (৫ মার্চ) তিনি জানান, বাখমুতকে ঘিরে শত্রুরা হামলা চালিয়ে যাচ্ছে।
রুশ আগ্রাসনের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে বাখমুত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন, কিয়েভের যোদ্ধারা দেশের পূর্বে ডনবাস অঞ্চলে একটি বেদনাদায়ক ও কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাখমুত শহর এই অঞ্চলে অবস্থিত।
জেলেনস্কি তাঁর নিয়মিত দৈনিক ভাষণে বলেন, ‘আমি ডনবাস অঞ্চলে যুদ্ধরত সেনাদের সাহসিকতা, দৃঢ়তা ও সহনশীলতার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই। এটি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি। এটি বেদনাদায়ক এবং কঠিন।’
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সের্গেই চেরেভাতি শনিবার (৪ মার্চ) জানিয়েছেন, বাখমুতের পরিস্থিতি কঠিন তবে নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জার্মানির বিল্ড পত্রিকাকে জানিয়েছেন, যুদ্ধে প্রতিদিন প্রায় ৫০০ রুশ সেনা হতাহত হচ্ছে।
তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। রেজনিকভের মতে, বাখমুত শহরটি রাশিয়ান সেনাবাহিনীর জন্য একটি ‘প্রতীকী স্থান’ এবং সে কারণেই তারা এটি দখল করতে এত মরিয়া। তবে, ডনবাস অঞ্চলে যুদ্ধ চলাকালীন এর নিয়ন্ত্রণের কোন অর্থ নেই।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্সটিটিউট ফর স্টাডি অফ ওয়ার জানায়, বাখমুতের ভিতরে ও বাইরে লড়াই চলছে এবং এর কারণে ইউক্রেনে সরবরাহের পথ সংকুচিত হচ্ছে।


