গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৭

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি পাঁচ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ২০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় স্যানেটারি দোকান এবং উপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস। এ ঘটনায় ওই ভবনের পাশের ৭ তলা সেনেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। আহত অন্তত ২০ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *