ওমরাহ যাত্রীদের বেশি নগদ অর্থ না আনার পরামর্শ সৌদির

ওমরাহ যাত্রীদের বেশি নগদ অর্থ না আনার পরামর্শ সৌদির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে ভ্রমণের জন্য আসা ওমরাহ যাত্রীদের বিপুল পরিমাণ নগদ অর্থ ও দামি জিনিসপত্র না আনতে নিষেধ করেছে দেশটির কর্তৃপক্ষ। এক টুইট বার্তায় এ পরামর্শ দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (০১ এপ্রিল) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, ওমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের সময় স্বর্ণ, দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার আনার কথা বলা হয়েছে।

এছাড়াও আহ্বান জানানো হয়েছে দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে। এড়িয়ে যেতে বলা হয়েছে অচেনা কারো সঙ্গে অর্থ লেনদেন, বার্তায় সাড়া দেয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে তারা বিষয়টি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

এর আগে পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না পালনের আহ্বান জানিয়েছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রমজান মাসে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে ওই আহ্বান জানানো হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *