বিএনপির মেয়রদের বরখাস্তের বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না : কাদের

বিএনপির মেয়রদের বরখাস্তের বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি ● বিএনপির দুই সিটি মেয়র ও এক পৌর মেয়রকে বরখাস্ত করা নিয়ে আলোচনার মধ্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারে ঘটেছে। আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের  পৌর  মেয়র জি কে গউছকে বরখাস্তের আদেশ হয়। ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় এর আগে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে পদে ফেরার পর নতুন মামলা দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়। সরকারবিরোধী দলের তিন মেয়রকে বরখাস্ত করায় বিএনপির সমালোচনার মধ্যে সোমবার ঢাকার ডেমরায় একটি সড়ক উদ্বোধনে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী- এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন খোন্দকার মোশাররফ  হোসেন। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জমির উদ্দিন সরকার  সোমবার বলেছেন, বিরোধী রাজনৈতিক দল বিএনপির সদস্য হওয়ার কারণে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এক কলমের খোঁচায় বরখাস্ত করা হয়েছে।

ওবায়দুল কাদের ডেমরা আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লাসহ ঢাকা সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সড়ক উদ্বোধনের পর মাতুয়াইল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে যান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সড়কটি আমি করে দেব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। তোমরা সবাই এখন ভালোভাবে স্কুল যাতায়াত করতে পারবে। এ সময় শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার উপদেশও দেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *