ব্রাজিলের বিপক্ষে নির্ভয়ে খেলবে সার্বিয়া

ব্রাজিলের বিপক্ষে নির্ভয়ে খেলবে সার্বিয়া

ক্রীড়া ডেস্ক :  ব্রাজিলের বিপক্ষে নির্ভয়ে খেলবে সার্বিয়া। দলটির কোচ ম্লাদেন ক্রাস্তাইচ মনে করছেন পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের হারানোর কিছু নেই। ম্যাচটিকে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখছেন দলটির ডিফেন্ডার আলেক্সান্দার কোলারভ।

বুধবার মস্কোয় বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ই’ গ্রুপে শীর্ষে থাকা ব্রাজিলের মুখোমুখি হবে তৃতীয় স্থানের সার্বিয়া। একই সময়ে গ্রুপের অপর ম্যাচে নিজনি নভগোরোদে দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের প্রতিপক্ষ তলানির কোস্টা রিকা।

কোস্টা রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সার্বিয়া গত শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ সময়ে সুইজারল্যান্ডের কাছে হারে। শেষ ষোলোয় যেতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে হবে সার্বিয়ার। ড্র করলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পক্ষে যেতে হবে জটিল কিছু সমীকরণ।

সে সবের জন্য অপেক্ষা না করে জিতেই নকআউট পর্বে যেতে চান কোলারভ।

“আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার ক্যারিয়ারের ফাইনাল। আমার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি এটাকে এভাবেই মোকাবেলা করবো।”

“খেলোয়াড়রা জানে এটা কেমন গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো আমরা বিশ্বকাপে আছি, আমরা জানি এটা একটা বৈশ্বিক মঞ্চ। আর হয়তো জীবনে একবারই দ্যুতি ছড়ানোর সুযোগ আসে।”

“যখন আপনি একটি দলের বিপক্ষে খেলবেন তখন বিশ্বের সেরাটাই খেলতে চাইবেন। সেরার সঙ্গে আপনার সক্ষমতার প্রকৃত পরীক্ষাটা দিতে হবে। আমি নিশ্চিত, আমরা এটার জন্য প্রস্তুত হবো এবং মুহূর্তটা উপভোগ করবো।”

প্রতিপক্ষ ব্রাজিল বলে ভীত হওয়ার কিছু দেখছেন না ৪৪ বছর বয়সী কোচ ক্রাস্তাইচ। অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণে গড়া সার্বিয়া গত দুই ম্যাচে তাদের খেলার মানটা দেখিয়েছে বলেও বিশ্বাস তার।

“আগামীকাল (বুধবার) আমাদের হারানোর কিছু নেই। হয়তো আমরা ম্যাচটা হেরে যেতে পারি। তবে ৯০ মিনিট আমরা আমাদের সবটুকু দিতে প্রস্তুত না থাকলে আমাদের হেরেই যেতে হবে। আপনি হয়তো হেরে যেতে পারেন। তবে আপনি অবশ্যই আপনার দায়িত্ব এড়াতে পারবেন না।”

“ব্রাজিলের বিপক্ষে খেলায় আমাদের কোনো ভয় নেই। তবে আমাদের ধৈর্যশীল, সুশৃঙ্খল হতে হবে এবং দল হয়ে খেলতে হবে। মাঠে যাই ঘটুক এটা অন্য বিষয়। আমাদেরকে সার্বিয়ান জাতি ও সমর্থকদের সন্তুষ্ট করতে হবে।”

“আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের সবটুকু দিলে অপদস্ত হবো না। তবে সবটুকু না দিলে অপদস্ত হতে হবে। এই ম্যাচে আমাদের খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গী ভয়ডরহীন। কারণ তারা প্রস্তুত।”

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *