আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসার কথা অস্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাস।
অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল রেদোয়ান বলেছেন, কাতারের গাজা পুনর্গঠন বিষয়ক কমিটির প্রধান তেল আবিবের সঙ্গে হামাসের পরোক্ষ আলোচনার যে দাবি করেছেন তা সত্য নয়। খবর পার্সটুডের।
কাতারের গাজা পুনর্গঠন বিষয়ক কমিটির প্রধান মুহাম্মাদ আল-এমাদি মঙ্গলবার দাবি করেন, গাজার মানবিক পরিস্থিতির অবনতি রোধ করতে একটি সমঝোতা অর্জনের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে হামাসের পরোক্ষ আলোচনা চলছে। আমেরিকার সবুজ সংকেত নিয়ে এ আলোচনা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
২০০৬ সালে জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকাসহ গোটা ফিলিস্তিনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে হামাস বিজয়ী হয়ে সরকার গঠন করে। তখন থেকে এই উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরায়েলি অবরোধের ফলে গাজার সঙ্গে স্থলপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম অবশিষ্ট থাকে এই উপত্যকার সঙ্গে মিশরের রাফা ক্রসিং। কিন্তু মিশর সরকারও ওই ক্রসিং বন্ধ করে রেখে গাজাকে গোটা বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে।


