তেঁতুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

তেঁতুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিক মারা গেছেন।  রোববার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর মালিগছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার মিরগর এলাকার আলাউদ্দিনের ছেলে বাবলু (২০) ও তেঁতুলিয়া উপজেলার বকশিগছ এলাকার খয়রুলের ছেলে মাহবুব (৩০)। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম  জানান, মালিগছ গ্রামের গমির উদ্দীনের বাড়িতে কয়েক মাস আগে খনন করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে ওই দুই শ্রমিক নিচে নামেন। এরপর বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না।

এ সময় গ্যাসের কারণে তারা অচেতন হয়ে পড়েছে বুঝতে পেরে অন্য শ্রমিকরা ট্যাংক থেকে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন  জানান, সেপটিক ট্যাংকের মুখ কয়েক মাস বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাস জমা হয়। কিছুক্ষণ ট্যাংকের মুখ খুলে গ্যাস বের হওয়া পর্যন্ত অপেক্ষা না করে দুই শ্রমিক নিচে নেমে পড়ায় তাদের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *