নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি ওষুধসহ শিরিন আক্তার নামে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা। শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক নারী যাত্রী ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ নিয়ে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত পার হয়ে যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা সদস্যরা তার গতিরোধ করে।
পরে তাকে কাস্টমস হলে নিয়ে তার সঙ্গে থাকা ২টি লাগেজ তল্লাশি করা হয়।এ সময় তার কাছ থেকে আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ছাড়াই হৃদরোগ, ডায়াবেটিকস, ব্লাড ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ৪ হাজার ৫৭৩ পিস ওষুধ, ইনজেকশন ও ইনসুলিন জব্দ করা হয়। জব্দ হওয়া ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে জব্দ ওষুধগুলো কাস্টমস গোডাউনে জমা করা হয়েছে। আটক ওই নারী যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


