মালালাকে সাম্মানিক নাগরিকত্ব দিলো কানাডা

মালালাকে সাম্মানিক নাগরিকত্ব দিলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক ● শান্তিতে নোবেলজয়ী ১৯ বছর বয়সী মালালা ইউসুফজাইকে সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে কানাডা। আর এই সম্মান নিতে বুধবার মালালা মঞ্চে পা রাখতেই পার্লামেন্টের সদস্যরা উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।

মালালা তার বক্তৃতায় বলেন, ‘কানাডার নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত। পাকিস্তানের নাগরিক হিসেবে আমি সব সময়ই নিজেকে ধন্য মনে করি। পাশাপাশি, আপনাদের দেশেরও নাগরিকত্ব পেয়ে আমি সম্মানিত।’

প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদোকে ধন্যবাদ জানাতে গিয়ে তাঁর উল্কি নিয়ে হালকা রসিকতাও করেন মালালা। তিনি বলেন, ‘কানাডার ইতিহাসে উনি দ্বিতীয় কনিষ্ঠ প্রধানমন্ত্রী। উনি ইয়োগা করেন। আবার ওনার হাতে উল্কিও আছে। সবাই তাই ওনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন।’

মালালার রসিকতায় হাসির হুল্লোড় ওঠে দর্শকদের আসন থেকে। গুরুগম্ভীর পরিবেশ মুহূর্তে হাল্কা হয়ে যায়। এ দিন মালালার হাতে একটি প্রশংসাপত্র ও কানাডার পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।

তবে শুধুমাত্র রসিকতাই নয়, তরুণ রাষ্ট্রনেতার প্রশংসাও করেন মালালা। তার মতে, নারীশিক্ষা, শরণার্থী সমস্যা বা মেয়েদের শিক্ষার মতো বিষয়গুলিতে কানাডা যেভাবে গুরুত্ব দিয়েছে তা উল্লেখযোগ্য। মালালা এও বলেন, ‘মেয়েদের লেখাপড়া নিয়ে কানাডা যে পরিমাণ সচেতন তার জন্য অবশ্যই সাধুবাদ প্রাপ্য দেশের প্রধানমন্ত্রীর।’

সারা বিশ্বের শিশুদের প্রতি নোবেলজয়ীর বার্তা, তারাও চেষ্টা করলে এক দিন ত্রুদোর মতো নেতা হতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *