প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক ● প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে অটিজমের উপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ভুটানের রাজধানীতে ‘অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ শীর্ষক তিনদিনের এ সম্মেলন ১৯ এপ্রিল শুরু হবে।

সফরকালে প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগেল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দ্রুক এয়ারের একটি ভিভিআইপি ফ্লাইটে আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে ভুটানের রাজধানীতে প্যারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবেন সকাল ১১টা ৩৫ মিনিটে।

ভুটানের প্রধানমন্ত্রী ও থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এসময় তাঁকে আনুষ্ঠানিক খাদার (স্কার্ফ) উপহার দেয়া হবে।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হবে এবং তিনি গার্ড পরিদর্শন করবেন।

বিকালে প্রধানমন্ত্রীকে রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হবে। প্রাসাদের মূল ফটকে একজন ক্যাবিনেট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। পরে তাঁকে গার্ড অব অনার দেয়া হবে। প্রাসাদে ভুটানের রাজা ওয়াংচুক ও রানী জেটসান পেমার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত হবে।

এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর বাংলাদেশ ও ভুটানের বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রী তাঁর সম্মানে দেয়া রাজকীয় আপ্যায়ন হলে ভুটানের প্রধানমন্ত্রীর নৈশভোজে যোগ দেবেন। বুধবার সকালে শেখ হাসিনা রাজকীয় আপ্যায়ন হলে গেস্ট অব অনার হিসেবে ‘অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারীদের সৌজন্যে দেয়া ভুটানের প্রধানমন্ত্রীর ওয়েলকাম লাঞ্চে অংশগ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *