নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা পুনঃনির্ধারণ করেছে সরকার। যা আগামী বছরের (২০১৯) জানুয়ারি থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাড়তি বেতন ডিসেম্বরের বেতনের সঙ্গে জানুয়ারিতে পাবেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিক-শ্রমিক সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি চূড়ান্তের নির্দেশ দিয়েছেন। ১৯৮৫ সালে বাংলাদেশে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৫৪২ টাকা।
এরপর কয়েক দফা বাড়ানোর পর সর্বশেষ ২০১৩ সালে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়। কিন্তু, বাজার ব্যবস্থার প্রেক্ষাপট বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকেরা সম্প্রতি তাদের ন্যূনতম মজুরি ১২ হাজার ২০ টাকা করার দাবি জানায়।
কিন্তু, পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সর্বনিম্ন মজুরি ৬ হাজার ৩৬০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল।


