মাহমুদ মাদানী জমিয়তে উলামা হিন্দের গর্ব : উত্তরপ্রদেশ জমিয়ত

মাহমুদ মাদানী জমিয়তে উলামা হিন্দের গর্ব : উত্তরপ্রদেশ জমিয়ত

পাথেয় টোয়েন্টিফের ডটকম : আবারও বিশ্বের সেরা ৫০০ প্রভাবশালী মুসলিম নেতাদের মধ্যে ৩২তম স্থান করে নেয়ায় জামিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলার জমিয়তে উলামা হিন্দের নেতৃবন্দ।

বিশ্বের দরবারে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছেন সাইয়্যিদ মাহমুদ মাদানী মন্তব্য করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন গাজিয়াবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের প্রধান মাওলানা শায়বান কাসেমী। তিনি বলেন, প্রভাবশালী ৫০০ ব্যক্তিদের তালিকার ৩২ এ আছেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি ভারতীয় এই মুসলিম লিডার। এটা ভারতীয়দের জন্যে গর্ব ও আনন্দের বিষয়।

মাওলানা শায়বান কাসেমী বলেন, সাইয়্যিদ মাহমুদ মাদানী এখন ভারতের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয়, সামাজিক এবং মুসলিম জনপ্রিয় ব্যক্তি। মাহমুদ মাদানী শুধু ভারতে মুসলমানদের জন্যে কাজ করছেন বিষয়টি এমন নয় বরং তিনি সারাবিশ্বের মুসলমানদের জন্যে কাজ করছেন। ইসলাম, সম্প্রদায়, সমাজ, দেশ ও জাতির জন্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গাজিয়াবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

মাহমুদ মাদানী মুসলমানদের জন্যে নিবেদিত প্রাণ দাবি করে গাজিয়াবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের সহসভাপতি মুফতি ফুরকান আখতার কাসেমী বলেন, বিভিন্ন দিক দিয়ে ভারতে মুসলমানদের জন্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বের সেরা প্রভাবশালী মুসলিম নেতাদের মধ্যে ৩২তম স্থান করে নিয়েছেন তিনি। ভারতের রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রেও সাইয়্যিদ মাহমুদ মাদানীর অবদান উল্লেখযোগ্য।

গজিয়াবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের সহসভাপতি ওয়াসিফ নাফিজ মাজহারী সাইয়্যিদ মাহমুদ মাদানীকে মোবারকবাদ জানিয়ে বলেন, মাহমুদ মাদানী জমিয়তে উলামা হিন্দের গর্ব। বিশ্ব সেরা ৫০০ প্রভাবশালী ব্যক্তির এই তালিকায় প্রথম পঞ্চাশে একমাত্র ভারতীয় হিসেবে আছেন জমিয়তের এই জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী।

উল্লেখ্য, জর্ডানের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান RISS এর সর্বশেষ জরিপে বিশ্ব সেরা ৫০০ প্রভাবশালী ব্যক্তির এই তালিকায় সারা বিশ্বে রাজনীতি, সামাজিক কার্যক্রম, শিক্ষা, স্কলারশিপ, বিজ্ঞান সহ বিভিন্ন কাজে জড়িয়ে থাকা মুসলিম ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে। এই তালিকায় প্রথম পঞ্চাশে মাওলানা মাহমুদ মাদানীই একমাত্র ভারতীয়।

এই তালিকায় শীর্ষে আছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের অনেক নেতা। মাওলানা তাকী উসমানী আছেন তালিকার ৬ নম্বরে। তাবলীগ জামাতের মাওলানা আব্দুল ওহহাব ১৪ নম্বরে। ২৯ নম্বরে জায়গা পেয়েছেন পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান। তালিকার ৪০নম্বরে রয়েছেন মাওলানা তারিক জামিল।

জর্ডানের গবেষনা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে মাওলানা মাদানীর রাষ্ট্রীয় ও সামাজিক কাজের প্রসংশা করে বলে, তিনি সন্ত্রাসবাদের স্থান দেননি ইসলামে। সন্ত্রাসবাদকে কঠোরভাবে দমনের পক্ষপাতী তিনি। দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী সম্মেলন, সভা করে তিনি তা দমনের জন্য জনসচেতনতা তৈরি করেছিলেন। এতে ভারতের মুসলমানদের উপর বড় ধরনের প্রভাব বিস্তার করেছে।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, উর্দু ডেইলি পত্রিকা, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *