পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়ায় মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন-বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম—এই চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মন্ত্রীদের পদত্যাগ করতে হবে না বলেও বৈঠকে জানানো হয়।
যারা নির্বাচিত সংসদ সদস্য নন এবং সরকারের বিশেষ বিবেচনায় মন্ত্রিপরিষদে স্থান পেয়েছিলেন, তারাই হলেন টেকনোক্র্যাট মন্ত্রী। আজ সুপ্রিম কোর্টের রায়ের আলোকে অনির্বাচিত (টেকনোক্র্যাট) মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, মন্ত্রিপরিষদের বৈঠকের পরই টেকনোক্র্যাট এই চার মন্ত্রী (ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার) প্রধানন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যাবে তাদের পদত্যাগপত্র। সেখান থেকে আবার যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর তার কার্যালয় থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র যাবে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে। পরে মন্ত্রিপরিষদ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণার কথা রয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য গতকাল সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনের কাছে বলে এসেছেন।


