প্রধানমন্ত্রী চাইলেই নির্বাচন করবেন মাশরাফি

প্রধানমন্ত্রী চাইলেই নির্বাচন করবেন মাশরাফি

পাথেয় রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল রোববার মনোনয়ন ফরম কিনতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যাবে মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে আগামীকাল রোববার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবে মাশরাফি।

গোলাম মর্তুজা স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে এবার নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাশরাফি। তবে নিজের ইচ্ছায় নয়, যদি প্রধানমন্ত্রী চান তবেই নির্বাচন করবেন মাশরাফি।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম অনিক বলেন, মাশরাফির পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল সকালে গণভবন থেকে মনোনয়ন সংগ্রহ করবেন। এ খবরে আমরা সবাই আনন্দিত। নড়াইল থেকে মাশরাফির কয়েকজন কাছের মানুষ ঢাকায় যাচ্ছেন। তারাও মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত থাকবেন।

এদিকে আগামী নির্বাচনে মাশরাফি প্রার্থী হওয়ার খবরে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। জনপ্রিয় এই ক্রিকেটারকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি বানাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলাবাসী।

স্থানীয় ভোটার স্বপ্না বেগম বলেন, আমি মাশরাফির ভক্ত। মাশরাফি নির্বাচন করবেন তা আগে ভাবিনি। যখন জানতে পেরেছি এবার তিনি প্রার্থী হচ্ছেন, তখনই সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের প্রথম ভোট আমি মাশরাফিকেই দেব। স্থানীয় ভোটার মাসুদুর রহমান বলেন, যে-যাই বলুক ভাই, আমরা মাশরাফিকেই চাই। মাশরাফি ছাড়া কোনো বিকল্প নেই। আমরা মাশরাফিকেই এমপি হিসেবে দেখতে চাই। মনিরুল হোসাইন বলেন, নড়াইলবাসীর জন্য কৌশিক (মাশরাফির ডাক নাম) আশীর্বাদস্বরূপ। আমাদের আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য কৌশিকের বিকল্প নেই।

নড়াইল-২ আসন থেকে এবার মাশরাফি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করি। রাজপথে থেকে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। অথচ নির্বাচনের সময় এলে উপর মহল থেকে আমাদের প্রার্থী নির্ধারণ হয়ে যায়। দল না করে অন্য স্থান থেকে উড়ে এসে প্রার্থী হয়ে যায় আরেকজন। এভাবে চলতে থাকলে আমাদের রাজনীতি ছেড়ে চলে যেতে হবে। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের চেয়ে ভালো বোঝেন। তিনি যাকে নৌকা মার্কার প্রার্থী দেবেন আমরা তার সঙ্গেই নির্বাচন করব। তাকেই জয়ী করব।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস বলেন, আজ আমি ঢাকা যাচ্ছি। অনেকেই মনোনয়ন কিনছেন, শুনেছি মাশরাফি মনোনয়ন কিনবেন, আমিও কিনব। প্রধানমন্ত্রী যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন আমরা তার জন্য কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনব।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। রোববার তাঁর দলীয় মনোনয়নপত্র কেনার কথা। সাকিব নিজেই আজ তাঁর নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেন, তিনি মাগুরা-১ আসনের জন্য তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *