পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামে রেখে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।
২০ নভেম্বর মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান।
বিকল্পধারার বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই বি. চৌধুরী গণভবনে গেছেন। কয়েকটি আসনে সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বলে ওই সূত্র নিশ্চিত করেছে। আগামী নির্বাচনে বিকল্প ধারার মনোনয়নপ্রত্যাশীদের একটি তালিকা আওয়ামী লীগ সভাপতির কাছে বি. চৌধুরী দেন বলে সূত্র জানায়।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া আটটার দিকে বি. চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢোকেন। সেখানে তিনি একাই গেছেন বলে নিশ্চিত করেছেন বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরী।
শমসের মবিন চৌধুরী বলেন, নির্বাচন সামনে রেখে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই বি. চৌধুরী গণভবনে গেছেন।


