পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শত শত ইমাম ও আলেমদের উপস্থিতি জমায়েতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জনের প্রাণহানি হয়, আহত ৮৩ জন। কাবুলের উরানাস ওয়েডিং প্যালেস নামক জায়গায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জমায়েতে এ হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে আত্মঘাতী হামলার এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।
বিবিসির খবরে প্রকাশ, হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, পুলিশের ধারণা ইসলামিক স্টেট (আইএস) এই হামলা করে থাকতে পারে। দেশটির এক গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কাবুলে যতগুলো আত্মঘাতী হামলা হয়েছে, তম্মধ্যে এটি সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা। সবেচেয়ে বেশী মানুষের জীবন বিপন্ন হয়েছে এ হামলায়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলে শত শত মানুষ জমায়েত হয়েছিল। এই দিন উপলক্ষে এখানে প্রায় প্রতিবছরই মানুষরা জমায়েত হয়। এবারো সেখানে এক ইমাম ও অনেক আলেমরা জমায়েত হয়েছিলেন। হঠাৎ এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান।
হতাহতের বিষয়ে নাজিব দানিশ বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জনের লাশ গুনেছি। মৃতের সংখ্যা তো আরো অনেক বেশী হবে।
প্রসঙ্গত, আজ বুধবার সারাবিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সে উদ্দেশে প্রিয় নবীর জন্ম ও ওফাত দিবসটি উদযাপনে কাবুলের ইউরেনাস হলে জড়ো হয়েছিলেন দেশটির বরেণ্য ধর্মীয় শিক্ষাবিদ বা আলেমরা। সেখানেই এই আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়।


