পাথেয় রিপোর্ট : ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে সংসদীয় আসনে আওয়ামী লীগের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতাকর্মীরা। ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো খবরে জানা যায় ২৫ নভেম্বর রোববার দুপুর ১২টা থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন তারা।
স্থানীয়রা জানান, মাথায় কাফনের কাপড় বেঁধে ও হাতে বৈঠা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। তারা আরও জানান, ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনটি মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমামকে দেয়া হচ্ছে এই খবরে রাস্তা অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হেকিম ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি চলছে।
সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হেকিম বলেন, ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এই আসনে যদি মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, তাহলে বিরোধীদের জয় নিশ্চিত। সেজন্য আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে রাস্তা অবরোধ করেছেন দলের কর্মীরা।
এদিকে অনেক ভাবনা চিন্তার পর আওয়ামী লীগের মনোনয়ন যাদের প্রায় নিশ্চিত এমন প্রার্থীদের নাম গণমাধ্যমে উঠে এসেছে। জানা গেছে, ১৪ দলীয় জোট ও মহাজোটের শরীক দলগুলোর কাছে ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকাও হস্তান্তর করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যারা নৌকা প্রতীকে লড়বেন তাদের রোববার সকাল থেকে চিঠি দিতে শুরু করেছে দলটি। অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার এক সংবাদ সম্মেলনে চিঠি প্রসঙ্গে বলেন, এটা অনানুষ্ঠানিক চিঠি এবং এই চিঠি চূড়ান্ত কিছু নয়। মহাজোটের প্রার্থী তালিকা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু’টি আসনে (টুঙ্গিপাড়া ও রংপুর) এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্য একটি আসনে (রংপুর) মনোনয়নের কাগজ তুলেছেন বলে জানান।
অন্যদিকে রোববার যারা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চিঠি পেয়েছেন তাদের অনেকে জানিয়েছেন, যাদের মনোনয়ন নিশ্চিত হয়েছে শুধুমাত্র তাদেরই দল থেকে চিঠি দেওয়া হচ্ছে।


