পাথেয় রিপোর্ট : ১৯৭৫ এর কথা নিশ্চয়ই সবার মনে থাকবার কথা। আজকের তরুণরাও পচাত্তরকে জানেন। এক জ্বলন্ত বিভীষিকাময় অধ্যায়ের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম পোহাতে হয়নি এ জ্বালাতন। বার বার সেই পরাজিত শক্তি তাকে চিরতরে নিভিয়ে দিতে চেয়েছে। ৭৫ এর পর ২১ আগস্ট সবচেয়ে স্মরণীয় দিন। এ ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে যান।
দেখতে দেখতে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারে কাণ্ডারী বেড়েছে। চলে গেছেন অনেকেই তবে রেখে গেছেন তাদের উত্তরসুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারে এবার আট সদস্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তারা এখন মাঠে আলো ছড়াচ্ছেন
বঙ্গবন্ধুর বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসন থেকে এবার নির্বাচন করবেন।
বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসনের কয়েকবারের সংসদ সদস্য। তিনি এবারও মনোনয়ন পেয়েছেন।
বঙ্গবন্ধুর আরেক ভাগনে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের সংসদ সদস্য। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন।
বঙ্গবন্ধুর ছোটভাই শেখ আবু নাসেরের দুই ছেলে এবার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ ও শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২। শেখ হেলাল উদ্দিন কয়েকবারের সংসদ সদস্য।
শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহাম নাসের তন্ময় এবার বাগেরহাট-২ আসনে নৌকার নতুন কাণ্ডারি। এই আসনের বর্তমান সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে শেখ ফজলুল হক মনির বড় ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পুনরায় মনোনয়ন পেয়েছেন।
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাগনে ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি আবারও দলের মনোনয়ন পেয়েছেন।
প্রসঙ্গত, এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যারা নৌকা প্রতীকে লড়বেন তাদের রোববার সকাল থেকে চিঠি দিতে শুরু করেছে দলটি। অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার এক সংবাদ সম্মেলনে চিঠি প্রসঙ্গে বলেন, এটা অনানুষ্ঠানিক চিঠি এবং এই চিঠি চূড়ান্ত কিছু নয়। মহাজোটের প্রার্থী তালিকা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু’টি আসনে (টুঙ্গিপাড়া ও রংপুর) এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্য একটি আসনে (রংপুর) মনোনয়নের কাগজ তুলেছেন বলে জানান।


