পাথেয় রিপোর্ট : শনিবার সকালে তাবলিগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে। এতে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুই পক্ষের এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিব্রত অনেকেই। রাস্তায় আটকে থাকা যাত্রীরা এই দৃশ্যে নানা মন্তব্য করছেন বলে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ বলছে, শনিবার ভোর থেকে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এক পক্ষ বিমানবন্দর গোলচত্বর অবরোধ করে রাখে। টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ। এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। যানজট বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত পৌছে যায় খুব অল্প সময়ের মধ্যে। এর ফলে রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বিমানের যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তায় অল্প পরিসরে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল গণমাধ্যমকে বলেন, ভোর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


