পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির অন্যান্য নেতাদের মনোনয়নপত্র বাতিলকে সরকারের নিঁখুত মাস্টার প্লান বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলের মধ্যদিয়ে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত, দূরভিসন্ধিমূলক এবং সরকারের মাস্টার প্লানেরই অংশ।
২ ডিসেম্বর রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বানচালের জন্য সরকার দেশব্যাপী ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। নৌকার পক্ষে হালে পানি না পেয়ে বিএনপিসহ বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের ভিটে-মাটিতে ঘু ঘু চরাতে সর্বশক্তি নিয়োগ করেছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন হয় অন্ধ, না হয় কানা। প্রধান নির্বাচন কমিশনারসহ কতিপয় কমিশনার সরকারের পক্ষে নিজেদের নিয়োজিত রেখেছেন। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, আইন-আদালত, বিচারিক প্রক্রিয়া সবকিছুর উপরই সরকার যেন সিন্দাবাদের জ্বিনের মতো সওয়ার হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত।
এদিকে ফেনী-১ আসনে খালেদা জিয়াসহ অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. অহিদুজ্জামান। ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। রোববার সকালে যাচাই-বাছাইয়ের দিন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ সময় ছাগলনাইয়া উপজেলার বিএনপির সভাপতি নুর আহাম্মদ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমানের মনোনয়নও অবৈধ ঘোষণা করা হয়। বাকি ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে গত ২৮ নভেম্বর এ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু।
উল্লেখ্য, ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে এ আসনে জাসদের শিরীনা আক্তার সংসদ সদস্য রয়েছেন। তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ভোট হবে। যাচাই-বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ ডিসেম্বর।


